প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2026 ইং
বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়নে পানিবন্দিদের ত্রান বিতরণ

এম মনির চৌধুরী রানা
টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহর পক্ষ থেকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এস. এম. সেলিমের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রথম দিনের কর্মসূচিতে পানিবন্দি অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
ত্রাণ বিতরণকালে পোপাদিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহর পক্ষ থেকে পোপাদিয়া ইউনিয়নের পানিবন্দি মানুষের জন্য এ ধরনের ত্রাণ সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট